ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

'অন্যতম কাজ হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন'

ফাইল ছবি।
ফাইল ছবি।

প্রকাশ :

সংশোধিত :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়লাভ করলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং এনজিওর ক্ষুদ্রঋণ সরকারের পক্ষ থেকে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী বড় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নীলফামারীসহ উত্তরাঞ্চলকে শিল্প ও কৃষি হাবে রূপান্তরের রূপরেখা তুলে ধরে তারেক রহমান বলেন, “আমরা ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্পে রূপান্তর করতে চাই। নীলফামারী জেলাকে কৃষি অঞ্চল হাব হিসেবে গড়ে তোলা হবে।” এছাড়া তিনি সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করাসহ বেশকিছু সুনির্দিষ্ট কিছু উন্নয়নের প্রতিশ্রুতি দেন। 

কৃষক ও নারীদের স্বাবলম্বী করতে তারেক রহমান বলেন, “প্রত্যেক কৃষকের হাতে ‘কৃষি কার্ড’ পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে সহজে ঋণ নেওয়া যাবে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। এছাড়া এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণ জনগণের পক্ষ থেকে সরকার পরিশোধ করে দেবে।”
নারীদের উদ্দেশে তিনি বলেন, “প্রতিটি নারীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। নারীকে কর্মের সঙ্গে সম্পৃক্ত না করলে দেশ এগিয়ে যাবে না।”

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ‘দেশ পুনর্গঠন’ ও ‘হারানো অধিকার ফিরে পাওয়ার’ নির্বাচন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “বিগত ১৬ বছর স্বৈরাচার শুধু নিজের স্বার্থ দেখেছে। আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চাই।”

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে জনসভায় নীলফামারী-২ আসনের প্রার্থী শাহরিন ইসলাম তুহিনসহ জেলার চারটি আসনের বিএনপি প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর